ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খাদ্য মন্ত্রণালয়ের অভিযানে চাল ফেলে পালিয়ে যান ব্যবসায়ীরা

চাল নিয়ে ব্যবসায়ীদের চালবাজি হাতেনাতে ধরেছেন খাদ্য মন্ত্রণালয়ের আভিযানিক দল। চালের দাম নিয়ন্ত্রণ এবং অবৈধভাবে মজুত ঠেকাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালান তারা। এসময় অভিযানের খবর পেয়ে চাল ব্যবসায়ীদের অনেকে দোকানপাট ফেলে পালিয়ে যান। বুধবার (১ জুন) দুপুরে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মর্জিনা আক্তার।


উপ-সচিব জানান, কারওরান বাজারে বিভিন্ন চালের আড়তে ব্যবসায়ীদের লাইসেন্স ও মজুতে গরমিল দেখা গেছে। যে দোকানে যাচ্ছি, কোনোটিরই লাইসেন্স ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। চালের মজুতের হিসেবেও গরমিল আছে। অভিযান শুরু করার পর অনেক ব্যবসায়ী দোকান ফেলে চলে গেছেন বলেও জানান মন্ত্রণালয়ের এ কর্মকর্তা।


তিনি বলেন, এ অভিযানে আড়ত মালিকেরা কোনো ধরনের সহযোগিতা করছে না। যে ব্যবসায়ীরা দোকান ফেলে পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে অভিযানে, চাল ব্যবসায়ীদের লাইসেন্স আছে কি না, অনুমোদনের চেয়ে বেশি চাল মজুত করেছে কি না, এছাড়া ফুড গ্রেইন লাইসেন্স যাচাই ও খাদ্যশস্যের কেনা-বেচার রশিদ, মিল গেটে কী মূল্যে চাল বিক্রি হচ্ছে, খুচরা বা পাইকারি বিক্রেতার ক্যাশমেমো, খুচরা মূল্যতালিকা প্রদর্শন- এসব বিষয় যাচাই করা হয়।


প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশের পর চালের দাম নিয়ন্ত্রণে মাঠে নামে প্রশাসন। এর ধারাবাহিকতায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাতে খাদ্য মন্ত্রণালয়ের গঠিত ৮টি দল মঙ্গলবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এছড়া মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাতে খাদ্য মন্ত্রণালয় থেকে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑